প্রিন্ট এর তারিখঃ Jun 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 5, 2026 ইং
মেঘনায় চুরি হওয়া ব্যাটারি উদ্ধার, গ্রেফতার-২ আসামীদেরকে কোর্টে প্রেরণ।

মোঃ নাহিদ মিয়া , মেঘনা (কুমিল্লা) প্রতিনিধিঃ-
কুমিল্লার মেঘনা উপজেলায় বসতবাড়িতে চুরির ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া ৬টি আইপিএস ব্যাটারি উদ্ধার করা হয়। মঙ্গলবার (৫ মে ২০২৬) মেঘনা থানার মামলা নং-০৪, ধারা ৪৫৭/৩৮০/৪১১ পেনাল কোডে তাদের আদালতে পাঠানো হয়েছে। মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেনঃ- ফাহিম (২১), পিতা মোস্তফা, মাতা পারভীন, গ্রাম মির্জানগর এবং মোঃ অনিক হাসান (জ্বিন) (২৩), পিতা মো. জসিম উদ্দিন, মাতা লিলি বেগম, গ্রাম বড়কান্দা, বর্তমানে মির্জানগরে মনোয়ার মেম্বারের বাড়ির ভাড়াটিয়া। উভয়ই মেঘনা উপজেলার বাসিন্দা।
মামলার বাদী একজন ব্যবসায়ী, যিনি পেশাগত কারণে পরিবারসহ ঢাকায় বসবাস করেন। তবে প্রতি সপ্তাহে তিনি গ্রামের বাড়িতে এসে কিছুদিন অবস্থান করে পুনরায় ঢাকায় ফিরে যান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৪ মে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্থানীয় ব্যবসায়ী ও সাক্ষী মো. উজ্জল হোসেন বাদীকে মোবাইল ফোনে জানান, দুই ব্যক্তি তার দোকানে ৬টি আইপিএস ব্যাটারি বিক্রির জন্য নিয়ে আসে। ব্যাটারিগুলো দেখে সন্দেহ হলে তিনি তাদের জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তারা অসংলগ্ন তথ্য দিলে স্থানীয় লোকজন এগিয়ে এসে বিস্তারিত জানতে চাইলে একপর্যায়ে তারা চুরির ঘটনা স্বীকার করে।
স্বীকারোক্তি অনুযায়ী, একই দিন রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে তারা একটি বসতবাড়ির ছাদে উঠে সিঁড়ির টিনের স্ক্রু খুলে ভেতরে প্রবেশ করে আইপিএস ও ব্যাটারি চুরি করে নিয়ে যায়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উজ্জল হোসেনের দোকান থেকে আসামিদের আটক করে এবং তাদের কাছ থেকে চুরি হওয়া ৬টি ব্যাটারি উদ্ধার করে।
বাদীর অভিযোগ অনুযায়ী, ওই ঘটনায় তার বসতঘরের সিঁড়ির নিচে রাখা প্রায় ১৩ ভরি স্বর্ণালংকারও চুরি হয়েছে। তবে এখন পর্যন্ত স্বর্ণালংকার ও আইপিএস মেশিন উদ্ধার করা সম্ভব হয়নি।ওসি শহীদুল ইসলাম জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার সত্যতা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক ভোরের কথা