প্রিন্ট এর তারিখঃ Jun 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 13, 2026 ইং
ইউপি সদস্যদের নেতৃত্বে মারধরের অভিযোগ, আহত বিএনপি নেতার মৃত্যু।

মোঃ নাজিম উদ্দিন
শ্রীপুর( গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে শিশু ধর্ষণের অভিযোগে জয়নাল আবেদীন নামের এক বিএনপি নেতাকে ইউপির সদস্যের নেতৃত্বে ব্যাপক মারধর করা হয়। গত শনিবার মারধরের শিকার বিএনপি নেতা জয়নাল আবেদীন (৬০) গতকাল১২ তারিখ সোমবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আজ মঙ্গল রাতে তাঁর দাফন সম্পন্ন হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, মারধরের দুই দিন পর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে শিশুর পরিবার পলাতক রয়েছে।
জানা গেছে, জয়নাল আবেদীন উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের ফাওগান গ্রামের নইমুদ্দিনের ছেলে। তিনি প্রহলাদপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ছিলেন।
নিহত জয়নাল আবেদীনের ছেলে আনোয়ার হোসেন বলেন, ‘গত শনিবার ফাওগান বাজারের পাশে এক শিশুকে বাবা ধর্ষণ করেছেন বলে অভিযোগ তোলা হয়। এই অভিযোগে বাবাকে ডেকে নেন প্রহলাদপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. রাশিদুল ইসলাম।
ফাওগান বাজারের পাশে স্কুলমাঠে নিয়ে যান বাবাকে। স্কুলমাঠে নিয়ে এলোপাতাড়ি মারধর করে গুরুতর জখম করেন। এভাবে বাবাকে তিন দফা পিটিয়ে গুরুতর আহত করে বাজারের পাশে তমিজ ডাক্তারের ঔষধের দোকানের সামনে ফেলে যান। এরপর মেম্বারের নেতৃত্বে এসে বসতবাড়িতে ভাঙচুর করা হয়। বাবাকে হাসপাতালে নিয়ে যেতে চাইলেও তারা যেতে দেয়নি।
অনেক কষ্ট করে বাবাকে উদ্ধার করে বাড়ির কাছে নিয়ে গেলে পুনরায় এসে হামলা করে বাবাকে অনেক মারধর করা হয়।’ আমার বাবা যদি সত্যি অপরাধী হয়ে থাকে তাহলে তারা আমার বাবাকে পুলিশে দিতো। তাদের মারধোর করার মতো ক্ষমতা কে দিয়েছে। আমি আমার বাবার হত্যার বিচার চাই।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক ভোরের কথা