প্রিন্ট এর তারিখঃ Jun 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 25, 2026 ইং
১০নং সলিমপুর ইউনিয়নের বৈধ অস্থায়ী কোরবানির পশুর হাটে বেআইনি হস্তক্ষেপের প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার :
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ১০নং সলিমপুর ইউনিয়নস্থ ড্রিম স্টিল রি-রোলিং মিলস লিঃ মাঠে পরিচালিত বৈধ অস্থায়ী কোরবানির পশুর হাটে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাগরিকা গরুর হাটের ইজারাদার মোঃ ফজলে আলম চৌধুরীর “অন্যায়, অবৈধ ও বেআইনি হস্তক্ষেপের” প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ মে ২০২৬) সীতাকুণ্ড প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অস্থায়ী কোরবানির পশুর হাটের বৈধ ইজারাদার মোঃ সাজ্জাদ হোসেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ১০নং সলিমপুর ইউনিয়নবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ছিল উপজেলার অন্যান্য ইউনিয়নের ন্যায় এ এলাকাতেও একটি বৈধ অস্থায়ী কোরবানির পশুর হাট স্থাপন করা হবে, যাতে ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদুল আজহা উপলক্ষে নির্বিঘ্নে কোরবানির পশু ক্রয়-বিক্রয় করতে পারেন। জনগণের সেই প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উপজেলা প্রশাসন ড্রিম স্টিল রি-রোলিং মিলস লিঃ মাঠে অস্থায়ী কোরবানির পশুর হাটের জন্য উন্মুক্ত দরপত্র আহ্বান করে।
তিনি জানান, সরকারি সকল বিধি-বিধান অনুসরণ করে অনুষ্ঠিত উন্মুক্ত দরপত্রে অংশ নিয়ে তিনি সর্বোচ্চ দরদাতা হিসেবে বৈধভাবে ইজারা লাভ করেন এবং সরকার নির্ধারিত ভ্যাট-ট্যাক্স পরিশোধ করেন। পরবর্তীতে প্রশাসনের অনুমতি সাপেক্ষে গত ১৯ মে থেকে হাটের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, হাটটি “হাট ও বাজার স্থাপন ও ব্যবস্থাপনা বিধিমালা-২০২৫” অনুযায়ী সম্পূর্ণ বৈধভাবে পরিচালিত হচ্ছে এবং জেলা প্রশাসনের অধীনে উপজেলা প্রশাসন কর্তৃক অনুমোদিত। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে নিরাপদ দূরত্বে অবস্থিত হওয়ায় যানজট বা জনদুর্ভোগেরও কোনো আশঙ্কা নেই।
বক্তব্যে আরও উল্লেখ করা হয়, গত ২২ মে একটি রিট পিটিশনের বিষয় জানা গেলেও মহামান্য হাইকোর্ট অস্থায়ী কোরবানির পশুর হাট বন্ধে কোনো নির্দেশনা প্রদান করেননি। বরং যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো বাজার পরিচালনা না করার বিষয়ে নির্দেশনা রয়েছে।
যেহেতু সংশ্লিষ্ট হাটটি বৈধ অনুমোদন ও সরকারি বিধি অনুসরণ করেই পরিচালিত হচ্ছে, তাই হাইকোর্টের আদেশের সঙ্গে এ হাটের কোনো সাংঘর্ষিক অবস্থা নেই বলে দাবি করেন ইজারাদার।
সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, সাগরিকা গরুর হাটের ইজারাদার মোঃ ফজলে আলম চৌধুরী অযৌক্তিকভাবে এ হাট বন্ধের অপচেষ্টা চালাচ্ছেন। অথচ সলিমপুরের ড্রিম স্টিল রি-রোলিং মিলস মাঠে স্থাপিত অস্থায়ী কোরবানির পশুর হাটটি চট্টগ্রাম জেলা প্রশাসনের আওতাধীন এবং এটি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাভুক্ত নয়।
তারা আরও বলেন, একটি বৈধ, প্রশাসন অনুমোদিত ও জনস্বার্থসংশ্লিষ্ট কোরবানির পশুর হাট নিয়ে বিভ্রান্তি সৃষ্টি এবং অযথা প্রতিবন্ধকতা তৈরির মাধ্যমে স্থানীয় জনগণের ভোগান্তি বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড থেকে সংশ্লিষ্টদের বিরত থাকার আহ্বান জানান তারা।
সংবাদ সম্মেলনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, হাট সংশ্লিষ্ট ব্যক্তি ও বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক ভোরের কথা