
স্পেনের রাজধানী মাদ্রিদের দক্ষিণে মোরো ও অর্গাজ পৌর এলাকার মধ্যবর্তী স্থানে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় সকাল ৯টার কিছু পর এ দুর্ঘটনা ঘটে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কাস্তিয়া-লা মাঞ্চা অঞ্চলের আঞ্চলিক সরকারের মুখপাত্র এস্থার পাদিয়া স্থানীয় টেলিভিশনকে এ তথ্য জানিয়েছেন। তিনি কাস্তিয়া-লা মাঞ্চা মিডিয়াকে বলেন, দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে।
রেল পরিচালনাকারী সংস্থা আদিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, রেনফে ও আইরিও নামে কোম্পানির দুটি ট্রেন দুর্ঘটনা কবলিত হয়েছে। আইরিওর ট্রেনটি মাদ্রিদ থেকে সেভিয়া রুটে চলাচল করে।
দুর্ঘটনার পর ওই রেলপথে চলাচলকারী সব ট্রেন বিভিন্ন স্টেশনে থামিয়ে রাখা হয়েছে বলে জানিয়েছে আদিফ।
কাছাকাছি উর্দা শহরের মেয়র ম্যানুয়েল গালান স্পেনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম টিভিইকে জানিয়েছেন, দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
স্পেনের জরুরি সেবা বিভাগের এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, উদ্ধার ও জরুরি সহায়তায় সব ধরনের সক্ষমতা কাজে লাগানো হচ্ছে। ঘটনাস্থলে কয়েকটি ফায়ার সার্ভিস ইউনিট, তিনটি হেলিকপ্টার এবং নিবিড় পরিচর্যা সুবিধাসম্পন্ন দুটি ভ্রাম্যমাণ চিকিৎসা ইউনিট পাঠানো হয়েছে।
দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।