প্রিন্ট এর তারিখঃ Jun 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 5, 2025 ইং
পা হারানো মাদ্রাসাছাত্রের কৃত্রিম পায়ের দায়িত্ব নিলেন বিএনপি নেতা

মোঃ মাজাহারুল ইসলাম
জামালপুরের মেলান্দহের পাঠানপাড়া এলাকায় দশ বছরের কিশোর কবির হোসেন তিন বছর আগে সড়ক দুর্ঘটনায় হারিয়েছে এক পা। এক পা হারিয়েও জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছে মাদ্রাসার এই শিক্ষার্থী। পরিবারের অভাব-অনটনে চিকিৎসার খরচ জোগানোই যেখানে কষ্টসাধ্য, সেখানে কৃত্রিম পা লাগানোর স্বপ্নটা ছিল অনেক দূরের। তবে সেই স্বপ্ন পূরণের দায়িত্ব নিয়েছেন বিএনপি নেতা সাদিকুর রহমান সিদ্দিকী শুভ।
মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও জামালপুর-৩ আসনের মনোনয়নপ্রত্যাশী এই নেতা পা হারানো শিক্ষার্থী কবির হোসেনের চিকিৎসা ও কৃত্রিম পা প্রতিস্থাপনের দায়িত্ব নিয়েছেন।
জানা গেছে, গতকাল গণসংযোগের সময় ছোট্ট কবিরের সঙ্গে দেখা হয় সাদিকুর রহমান শুভর। এক পা-হারা ছেলেকে দেখে থেমে যান তিনি। এসময় কবির তার দুর্ঘটনার গল্প ও পরিবারের দুঃখের কথা জানান। পরে উপস্থিত জনতার সামনে শুভ প্রতিশ্রুতি দেন কবিরকে কৃত্রিম পা প্রতিস্থাপনের ব্যবস্থা করে দেবেন।
কবিরের মা কবিতা বেগম বলেন,'তিন বছর আগে বাড়ির পাশের রাস্তায় অটোরিকশার নিচে পড়ে ছেলের এক পা ভেঙে যায়। দীর্ঘদিন চিকিৎসার পর চিকিৎসকরা বলেন, পাটি কেটে ফেলতে হবে। পরে সেটি কেটে ফেলা হয়। এখন এক পা দিয়ে খুব কষ্ট করে চলে। বিএনপি নেতা শুভ কৃত্রিম পা লাগানোর দায়িত্ব নিয়েছেন। আল্লাহ যেন উনাকে ভালো রাখেন। আমার ছেলেটা আবার নিজের পায়ে হাঁটতে পারবে, এটা ভাবতেও পারিনি।'
সাদিকুর রহমান সিদ্দিকী শুভ বলেন,'মাদ্রাসাপড়ুয়া পা-হারানো ছেলেটির কৃত্রিম পা প্রতিস্থাপনের ব্যবস্থা দ্রুত করব। পাশাপাশি তাকে নগদ অর্থ দিয়ে সহযোগিতাও করা হয়েছে।'
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক ভোরের কথা