প্রিন্ট এর তারিখঃ Jul 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 22, 2025 ইং
চট্টগ্রামে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিদেশি আহত, চিকিৎসাধীন অবস্থায় পালাল আসামি

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ
চট্টগ্রাম নগরের বন্দর থানাধীন অফিসার্স কলোনি গেট এলাকায় প্রকাশ্যে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক বিদেশি নাগরিক (চীনা বলে ধারণা) আহত হয়েছেন। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। এ সময় তিন ছিনতাইকারী মিলে ওই বিদেশির কাছ থেকে একটি আইফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়।
স্থানীয়দের সহায়তায় দুই ছিনতাইকারীকে ধরে পুলিশে সোপর্দ করা হয়। আহত বিদেশি ও আহত এক ছিনতাইকারীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়।
বন্দর থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম বলেন, “ছিনতাইকারীর ছুরিকাঘাতে একজন বিদেশি নাগরিক আহত হয়েছেন। আমরা ঘটনাস্থলে গিয়ে দুই ছিনতাইকারীকে আটক করেছি।”
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক জানান, “ঘটনাটি বন্দরের সংরক্ষিত এলাকার বাইরে ঘটেছে। তিনজন ছিনতাইকারী এক চীনা নাগরিককে ছুরি মেরে আইফোন ও কিছু নগদ টাকা ছিনিয়ে নেয়। স্থানীয়রা একজনকে ধরে গণপিটুনি দেয় এবং আহত বিদেশি নিজেই আরেকজনকে তাড়া করে ধরে ফেলে।”
তবে রাত ৮টা ২৫ মিনিটে নাটকীয় মোড় নেয় ঘটনাটিতে। চমেক হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় পাহারারত পুলিশকে ছুরি মেরে পালিয়ে যায় আহত ছিনতাইকারী ইমাম হোসেন আকাশ (২৯)।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন তালুকদার জানান, “শুনেছি, বিদেশি নাগরিককে ছুরি মারা আসামি পাহারারত পুলিশকে ছুরি মেরে পালিয়ে গেছে।”
পরে জানা যায়, এক পুরুষ ও দুই নারী মিলে পুলিশ সদস্যদের ওপর হামলা চালিয়ে আসামি আকাশকে ছিনিয়ে নেয়। এ ঘটনায় এক নারীকে আটক করেছে পুলিশ।
পালিয়ে যাওয়া আসামি আনোয়ারার দিঘীরপাড় বরুমছড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে ইমাম হোসেন আকাশ (২৯)। বর্তমানে সে বন্দর এলাকার আজাদ কলোনির শাহজাহান বাড়িতে ভাড়া থাকতো।
ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। আহত বিদেশি নাগরিক ও গণপিটুনিতে আহত ছিনতাইকারী চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক ভোরের কথা