প্রিন্ট এর তারিখঃ Jun 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 28, 2025 ইং
লগি-বৈঠায় নিহতদের বিচার দাবিতে গাইবান্ধায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ

গাইবান্ধা প্রতিনিধি: মোঃ মাহমুদুল হাবিব রিপন,
২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকাসহ সারাদেশে লগি-বৈঠার আঘাতে জামায়াত-শিবির নেতাকর্মীদের হত্যার ঘটনার বিচার দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা শহর ও সদর উপজেলা শাখার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
গাইবান্ধা সদর উপজেলা জামায়াতের আমীর মো. নুরুল ইসলাম মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা জামায়াতের আমীর মো. আব্দুল করিম, শহর জামায়াতের আমীর অধ্যাপক ফেরদৌস আলম, শিবির সদর উপজেলা সভাপতি সোহেল রানা, শহর সভাপতি ফারহান সাদিক, শহর সেক্রেটারি আবু হাসান, সদর উপজেলা সেক্রেটারি নুরুন্নবী সরকার, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা আব্দুর রহমান, জামায়াত নেতা শাহীন মাহমুদ প্রমুখ।
বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের সন্ত্রাসীদের লগি-বৈঠার নির্মম আঘাতে ঢাকায় ছয়জনসহ সারাদেশে ২৬ জন জামায়াত-শিবির নেতাকর্মীকে পিটিয়ে হত্যা করা হয়। কিন্তু এত বছরেও সেই নৃশংস হত্যাকাণ্ডের বিচার হয়নি। বক্তারা অবিলম্বে খুনিদের গ্রেফতার ও বিচারের দাবি জানান।
তারা আরও বলেন, দেশে একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হলে বিদ্যমান রাষ্ট্র কাঠামোর সংস্কার, জাতীয় ঐক্যমতের ভিত্তিতে লেভেল প্লেয়িং ফিল্ড সৃষ্টি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের শর্তে নির্বাচন আয়োজন করতে হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক ভোরের কথা