প্রিন্ট এর তারিখঃ Jun 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 5, 2026 ইং
সীতাকুণ্ডে শান্তি ও সম্প্রীতি রক্ষায় ব্যতিক্রমী ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত।

স্টাফ রিপোর্টার :মোঃ ওমর ফারুক,
চট্টগ্রামের সীতাকুণ্ডে তরুণ প্রজন্মের মধ্যে শান্তি, সহনশীলতা ও সামাজিক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে ব্যতিক্রমধর্মী আয়োজন ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত হয়েছে। ৪ মে সকাল ১১টায় উপজেলার সীতাকুণ্ড উন্নয়ন আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এ কর্মসূচি পালিত হয়।
‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (MIPS) প্রকল্পের আওতায় অলিম্পিয়াডটি আয়োজন করা হয়। সার্বিক ব্যবস্থাপনায় ছিল ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি), সীতাকুণ্ড শাখা। সহযোগিতায় ছিল UK International Development এবং The Hunger Project।
তরুণদের সামাজিক উদ্যোগ প্রকল্পের অধীনে আয়োজিত এই অলিম্পিয়াডে সীতাকুণ্ডের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সামাজিক মূল্যবোধ, সহাবস্থান ও পরমতসহিষ্ণুতা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা সমাজে সংঘাত নিরসন ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তরুণদের অগ্রণী ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, বর্তমান সময়ে সামাজিক অস্থিরতা দূর করে একটি বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়তে তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে।
ইয়ুথ পিস অ্যাম্বাসেডররা জানান, এ ধরনের আয়োজন তরুণদের মনস্তাত্ত্বিক বিকাশ, নেতৃত্বগুণ বৃদ্ধি এবং সামাজিক সম্প্রীতি চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি) সমন্বয়ক ফরহাদ হোসেন রিফাতের সভাপতিত্বে এবং শিউলী আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিএফজি অ্যাম্বাসেডর সামছুল আলম আজাদ। বিশেষ অতিথি ছিলেন পিএফজি অ্যাম্বাসেডর শামীমা আক্তার লাভলী, পিএফজি কো-অর্ডিনেটর নাছির উদ্দিন অনিক, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও পিএফজি সদস্য আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী এবং পিএফজির আঞ্চলিক সমন্বয়কারী মাঈনুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক জামশেদ উদ্দীন ও সাংবাদিক রাফি চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক ও অভিভাবকরা। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। স্থানীয়রা এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে অভিহিত করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক ভোরের কথা