প্রিন্ট এর তারিখঃ Jun 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 6, 2026 ইং
ফৌজদারহাটে সড়ক দুর্ঘটনায় আহত সীতাকুণ্ড প্রেসক্লাব সভাপতি সৈয়দ মোঃ ফোরকান আবু।

মোঃ ওমর ফারুক স্টাফ রিপোর্টার :
সীতাকুণ্ড প্রেসক্লাব-এর সভাপতি ও দৈনিক যুগান্তর-এর সীতাকুণ্ড প্রতিনিধি সৈয়দ মোঃ ফোরকান আবু চট্টগ্রাম নগরী থেকে সীতাকুণ্ডে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন।
গত বুধবার (৪ মার্চ) বিকাল ৫টার দিকে সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, তিনি মোটরসাইকেলযোগে চট্টগ্রাম শহর থেকে সীতাকুণ্ডে ফিরছিলেন। এ সময় সামনে চলন্ত একটি ট্রাক হঠাৎ ব্রেক করলে তিনিও তাৎক্ষণিকভাবে হার্ড ব্রেক করেন। এতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা লাগে।
দুর্ঘটনায় মোটরসাইকেলের সামনের হেডলাইট, ইগনিশন সুইচ, স্ট্যান্ডিং ও সামনের চাকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। গাড়ির সামনের অংশে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও আল্লাহর অশেষ রহমতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান তিনি।
তবে এ সময় তাঁর হাতে গুরুতর ব্যথা অনুভূত হলে চিকিৎসকের পরামর্শে হাতে প্লাস্টার করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং শারীরিকভাবে স্থিতিশীল আছেন বলে জানা গেছে।
দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় মোটরসাইকেলটি মেরামতের ব্যবস্থা করা হয়। পরবর্তীতে বৃহস্পতিবার (৫ মার্চ) রাত দেড়টার দিকে তিনি নিরাপদে চট্টগ্রাম শহরের বাসায় পৌঁছান। সহকর্মী, সাংবাদিক নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ীরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক ভোরের কথা