প্রিন্ট এর তারিখঃ Jun 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 10, 2026 ইং
সীতাকুণ্ডে বারাকা শিপ রিসাইক্লিং ইয়ার্ড পরিদর্শনে আন্তর্জাতিক প্রতিনিধি দল।

মোঃ ওমর ফারুক, স্টাফ রিপোর্টার :
সীতাকুণ্ডে বারাকা শিপ রিসাইক্লিং ইয়ার্ড পরিদর্শনে আন্তর্জাতিক প্রতিনিধি দল জাহাজ পুনর্ব্যবহার শিল্পে বাংলাদেশের ভূমিকার প্রশংসা।
চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত বারাকা শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইয়ার্ড পরিদর্শন করেছেন আন্তর্জাতিক শিক্ষাবিদ ও গবেষকদের একটি প্রতিনিধিদল। বাংলাদেশের জাহাজ পুনর্ব্যবহার শিল্প সম্পর্কে সরাসরি ধারণা নেওয়া এবং এ খাতে কর্মরত শ্রমিকদের অভ্যন্তরীণ অভিবাসন ও কর্মপরিবেশ সম্পর্কে জানতেই এ সফর অনুষ্ঠিত হয়।
সোমবার (৯ মার্চ) সকাল আনুমানিক ১০টার দিকে সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর চৌধুরীঘাটাস্থ সাগর উপকূলে অবস্থিত বারাকা শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইয়ার্ড পরিদর্শন করেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন ও টোকিও বিশ্ববিদ্যালয়–এর একটি প্রতিনিধিদল।
‘উইমেন এক্সচেঞ্জ প্রোগ্রাম’-এর অংশ হিসেবে এ সফরে ১৫ জন শিক্ষার্থী, ২ জন শিক্ষকসহ এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের শিক্ষার্থীদের নিয়ে প্রায় ৪০ সদস্যের একটি দল অংশগ্রহণ করে।
পরিদর্শনের সময় প্রতিনিধিদলকে বারাকা শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইয়ার্ডের সার্বিক কার্যক্রম, নিরাপত্তা ব্যবস্থা এবং পরিবেশবান্ধব জাহাজ পুনর্ব্যবহার প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত অবহিত করা হয়।
পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চল থেকে চট্টগ্রামে এসে শ্রমিকরা কীভাবে এই শিল্পে যুক্ত হচ্ছেন এবং তাদের সামাজিক-অর্থনৈতিক বাস্তবতা নিয়েও আলোচনা করা হয়।
এ সময় প্রতিনিধিদলের সদস্যরা জাহাজ পুনর্ব্যবহার শিল্পে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন এবং এ ধরনের শিক্ষামূলক সফর ভবিষ্যতে গবেষণা কার্যক্রম ও আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধিতে সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন টোকিও বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল ইনস্টিটিউট ফর এশিয়ান রিসার্চ (GLOBIS)–এর ভাইস ডিরেক্টর ও প্রফেসর ড. মারি ইয়োশিহারা, প্রজেক্ট লেকচারার ড. শো শিমোয়ামাদা, বারাকা শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইয়ার্ডের চেয়ারম্যান মোহাম্মদ শামসুল আলম, সিওও ফাহিম ইবনে আলম, সিইও ফুয়াদ ইবনে আলম এবং এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের প্রতিনিধি তাপু চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সংশ্লিষ্টরা জানান, এ ধরনের আন্তর্জাতিক পরিদর্শন বাংলাদেশের জাহাজ পুনর্ব্যবহার শিল্পকে বৈশ্বিক অঙ্গনে আরও পরিচিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক ভোরের কথা