প্রিন্ট এর তারিখঃ Jun 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 11, 2026 ইং
বান্দরবানের ৮ পাহাড়ের উচ্চতা মাপছে সরকার।

দীপংকর মল্লিক , বান্দরবান
দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ নির্ধারণে প্রথমবারের মতো সরকারি উদ্যোগে মাঠপর্যায়ে জরিপ কাজ শুরু হয়েছে। এ লক্ষ্যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের ৪টি দলের ২৭ জন সার্ভেয়ার বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকায় কাজ করছেন।
শুক্রবার (১০ এপ্রিল) রাতে বান্দরবান সার্কিট হাউসের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানান।
জানা গেছে, বান্দরবানের রুমা ও থানচি উপজেলার আয়েতলাং পাহাড়, যোত্লাং, কেওক্রাডং, তাজিংডং-১ ও ২, সাকাহাফং-১ ও ২ এবং যোগিহাপংসহ আটটির বেশি সম্ভাব্য উচ্চতম শৃঙ্গের উচ্চতা আধুনিক প্রযুক্তির মাধ্যমে পরিমাপ করা হচ্ছে। গত ৪ এপ্রিল শুরু হওয়া এ কার্যক্রম ইতোমধ্যে প্রায় ৯০ শতাংশ সম্পন্ন হয়েছে।
তবে একটি পাহাড় ভারতের মিজোরাম অংশে পড়ায় তার পরিবর্তে দেশের অভ্যন্তরে আরেকটি পাহাড়ের উচ্চতা পরিমাপ করা হচ্ছে বলেও জানানো হয়।
দীর্ঘদিন ধরে দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ নিয়ে মতভেদ থাকায় এই জরিপকে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। কর্মকর্তারা জানান, আধুনিক জিপিএস ও জিওডেটিক প্রযুক্তি ব্যবহার করে নির্ভুল তথ্য সংগ্রহ করা হচ্ছে।
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের জেনারেল সার্ভেয়ার ব্রিগেডিয়ার জেনারেল নুরে আলম মো. সরোয়ার বলেন, জরিপের প্রায় ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে। বাকি দুটি পাহাড়ের পরিমাপ সম্পন্ন হলে আগামী মে মাসের প্রথম সপ্তাহেই দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
তিনি আরও বলেন, এই উদ্যোগ দেশের ভৌগোলিক তথ্যভান্ডার সমৃদ্ধ করবে এবং পর্যটন খাতে নতুন সম্ভাবনা তৈরি করবে।
সংবাদ ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন অধিদপ্তরের পরিচালক আব্দুল রব হাওলাদার, টিম লিডার দেবাশীষ সরকার, মেজর তৌহিদ এবং মো. বশির উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক ভোরের কথা