প্রিন্ট এর তারিখঃ Jun 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 11, 2026 ইং
বিজয়নগরে পুলিশের বিশেষ অভিযান: ১০ বছরের পলাতক ডাকাত গ্রেফতার।

শেখ সাদী সুমন জেলা প্রতি নিধী ব্রাহ্মণবাড়িয়া।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দীর্ঘ ১০ বছর ধরে আত্মগোপনে থাকা ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১১ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ইসলামপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মুর্শিদ ওরফে মোরশেদ। তিনি উপজেলার কেনা গ্রামের চেনু মিয়ার ছেলে।
অভিযান ও গ্রেফতারের বিবরণ:
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুর পুলিশ ফাঁড়ির একটি চৌকস দল শনিবার মধ্যরাতে কেনা গ্রামে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি মোরশেদ পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে তার বাড়ির পাশের একটি ধানক্ষেত থেকে পুলিশ তাকে চারদিক থেকে ঘিরে ফেলে আটক করতে সক্ষম হয়।
অপরাধের খতিয়ান:
পুলিশ জানায়, গ্রেফতারকৃত মোরশেদ এক দশকেরও বেশি সময় ধরে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে ২০১৫ সালের ১৩ জানুয়ারি একটি ডাকাতি মামলা দায়ের করা হয়। বর্তমানে তার বিরুদ্ধে ডাকাতি, চুরি ও ডাকাতির প্রস্তুতিসহ মোট ৩টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
পুলিশের বক্তব্য:
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল হক জানান, গ্রেফতারকৃত আসামি দীর্ঘকাল ধরে পলাতক ছিল। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হবে।
উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক ভোরের কথা