প্রিন্ট এর তারিখঃ Jun 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 26, 2026 ইং
কুমিল্লার মেঘনায় তীব্র লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত, ভোগান্তিতে পরীক্ষার্থীরা।

মোঃ নাহিদ মিয়া, মেঘনা উপজেলা প্রতিনিধি:
(কুমিল্লা): কুমিল্লার মেঘনা উপজেলায় তীব্র বিদ্যুৎ সংকট ও ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে চলমান এসএসসি পরীক্ষার্থীরা তীব্র গরমে পড়াশোনায় মারাত্মক ব্যাঘাত ও ভোগান্তির সম্মুখীন হচ্ছে। অসহনীয় গরমে দিন-রাতের অধিকাংশ সময় বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
স্থানীয়দের অভিযোগ, উপজেলার বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ১৪ থেকে ১৬ ঘণ্টাই বিদ্যুৎ থাকছে না। দীর্ঘ সময় বিদ্যুৎহীন থাকায় সাধারণ মানুষ চরম অতিষ্ঠ হয়ে পড়েছেন। বিদ্যুৎ বিভ্রাটের কারণে ব্যবসা-বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়েছে। ক্ষুদ্র ব্যবসায়ীরা সবচেয়ে বেশি আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। সময়মতো কাজ শেষ করতে না পেরে অনেক দোকানপাট নির্ধারিত সময়ের আগেই বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন ব্যবসায়ীরা।
এদিকে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ও সেবাকেন্দ্রগুলোতে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। ফ্রিজে রাখা মাছ-মাংস ও প্রয়োজনীয় খাদ্যদ্রব্য নষ্ট হয়ে যাচ্ছে। তীব্র গরমে শিশু ও বয়স্করা বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
মেঘনা সাব-জোনাল অফিস সূত্রে জানা গেছে, বর্তমানে চাহিদা অনুযায়ী বিদ্যুতের সরবরাহ অনেক কম। উপজেলায় চাহিদাকৃত ১১ মেগাওয়াট বিদ্যুতের বিপরীতে সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র ৫ মেগাওয়াট। ফলে বাধ্য হয়েই কর্তৃপক্ষকে অতিরিক্ত লোডশেডিং করতে হচ্ছে। দ্রুত পরিস্থিতির উন্নতি না হলে জনদুর্ভোগ আরও বাড়ার আশঙ্কা করছেন সচেতন মহল।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক ভোরের কথা