প্রিন্ট এর তারিখঃ Jun 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 3, 2026 ইং
সওজের জমিতে নির্মিত সকল অবৈধ স্হাপনা উচ্ছেদের নির্দেশ।

মোঃ নাজিম উদ্দিন
শ্রীপুর( গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে গড়ে তোলা বিএনপির সব অস্থায়ী কার্যালয়সহ অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য রফিকুল ইসলাম বাচ্চু। রোববার (৩ মে) দুপুরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের রঙিলা বাজার এলাকায় জলাবদ্ধতা নিরসনে করণীয় নির্ধারণে মহাসড়ক পরিদর্শনে গিয়ে তিনি এই নির্দেশনা দেন।
পরিদর্শনের সময় সওজ গাজীপুরের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদকে উদ্দেশ্য করে সংসদ সদস্য বলেন, গাজীপুর-৩ আসনের মহাসড়কের পাশে সওজের জায়গা জবরদখল করে গড়ে উঠা বিএনপির সব কার্যালয়সহ অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করতে হবে। এতে সড়কের শৃঙ্খলা ফিরবে বলে তিনি উল্লেখ করেন।
জনাব এসএম রফিকুল ইসলাম এমপি মহোদয় বলেন, জলাবদ্ধতা নিরসনে মহাসড়কের পাশ দিয়ে দ্রুত একটি ড্রেন নির্মাণ করা হবে, যা তেলিহাটি ও আশপাশের এলাকার পানি নিষ্কাশনে সহায়ক হবে।
সওজ এর নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ বলেন, রঙিলা বাজার এলাকায় পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় মহাসড়কে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এ সমস্যার সমাধানে স্থানীয় সাংসদের নির্দেশনায় দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা সহজ হবে বলে তিনি জানান।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ ভূঁইয়া, উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. তৌহীদুল ইসলাম, সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম শ্রীপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ন আয়বায়ক মোসলেহ উদ্দিন মৃধা, তেলিহাটি ইউনিয়ন বিএনপির ১ নং যুগ্ন আহবায়ক শাহজাহান মোড়ল সহ স্হানীয় নেতা কর্মী ও শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মো. মাহফুল হাসান হান্নান প্রমুখ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক ভোরের কথা