শেয়ারবাজারে তালিকাভুক্ত সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের আর্থিক প্রতিবেদনে উঠে এসেছে উদ্বেগজনক চিত্র। ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে আয়-ব্যয়ের হিসাবে উদ্বৃত্তের বদলে ঘাটতিতে পড়েছে কোম্পানিটি। শুধু তাই নয়, চলতি বছরের প্রথম নয় মাসে আগের বছরের তুলনায় উদ্বৃত্ত কমেছে ৬১ কোটি ৪৭ লাখ টাকা। এর সঙ্গে যুক্ত হয়েছে ঋণাত্মক নগদ প্রবাহ। সব মিলিয়ে কোম্পানিটির আর্থিক সূচকে একাধিক নেতিবাচক পরিবর্তন দেখা গেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
২০২৬ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির জীবন রাজস্ব হিসাব অনুযায়ী, মোট আয় থেকে দাবি পরিশোধসহ মোট ব্যয় বাদ দেওয়ার পর ৪ কোটি ১ লাখ টাকা ঘাটতি হয়েছে। অথচ ২০২৫ সালের একই সময়ে কোম্পানিটির ১৮ কোটি ৫৮ লাখ ৪০ হাজার টাকা উদ্বৃত্ত ছিল। অর্থাৎ, এক বছরের ব্যবধানে প্রায় ২২ কোটি ৫৯ লাখ ৪০ হাজার টাকার অবনতি হয়েছে জীবন রাজস্ব হিসাবের ফলে। আগের বছরের উদ্বৃত্ত ধরে রাখতে না পেরে এবার সরাসরি ঘাটতিতে পড়েছে প্রতিষ্ঠানটি।
অন্যদিকে, ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রথম নয় মাসে কোম্পানিটির জীবন রাজস্ব হিসাবে উদ্বৃত্ত দাঁড়িয়েছে ২৯ কোটি ৬৯ লাখ ১০ হাজার টাকা। আগের বছরের একই সময়ে এই অঙ্ক ছিল ৯১ কোটি ১৬ লাখ ১০ হাজার টাকা। অর্থাৎ, মাত্র এক বছরের ব্যবধানে উদ্বৃত্ত কমেছে ৬১ কোটি ৪৭ লাখ টাকা, যা আগের বছরের তুলনায় প্রায় ৬৭ দশমিক ৪৩ শতাংশ কম। ফলে নয় মাসের হিসাবেও কোম্পানিটির উদ্বৃত্তে বড় ধরনের পতন স্পষ্ট হয়ে উঠেছে।
কোম্পানিটির প্রকাশিত তথ্যে আরও জানানো হয়েছে, ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর সোনালী লাইফের জীবন বিমা তহবিলের স্থিতি দাঁড়িয়েছে ৯২৫ কোটি ৬৩ লাখ ৮০ হাজার টাকা। ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর এ তহবিলের পরিমাণ ছিল ৮৯৬ কোটি ৩৮ লাখ ৩০ হাজার টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে জীবন বিমা তহবিল বেড়েছে ২৯ কোটি ২৫ লাখ ৫০ হাজার টাকা। তবে তহবিলের স্থিতি বাড়লেও জীবন রাজস্ব হিসাবের উদ্বৃত্তে বড় পতন এবং তৃতীয় প্রান্তিকে ঘাটতির বিষয়টি আলাদা করে নজর কাড়ছে।
এদিকে, কোম্পানিটির নগদ প্রবাহের চিত্রও নেতিবাচক। ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) ঋণাত্মক ৪ টাকা ৭৯ পয়সা হয়েছে। অথচ ২০২৫ সালের একই সময়ে শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ ছিল ৭ টাকা ৯৫ পয়সা। অর্থাৎ, এক বছরের ব্যবধানে শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহে ১২ টাকা ৭৪ পয়সার অবনতি হয়েছে। উদ্বৃত্তের বড় পতনের পাশাপাশি নগদ প্রবাহ ইতিবাচক অবস্থা থেকে ঋণাত্মক হয়ে যাওয়ায় সোনালী লাইফের সর্বশেষ আর্থিক প্রতিবেদন নতুন করে আলোচনায় এসেছে।
এ জাতীয় আরো খবর...