ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের অপরাধে দুই জেলেকে ৩০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অভিযানে সুগন্ধা ও বিষখালী নদী থেকে মোট ১০ হাজার ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে।
গতকাল সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরী তাঁর কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন।
প্রশাসন সূত্রে জানা যায়, মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা চলাকালে নদীতে মাছ শিকারের খবর পেয়ে উপজেলা প্রশাসনের একটি দল সুগন্ধা ও বিষখালী নদীতে অভিযান চালায়। অভিযানকালে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের সময় দুই জেলেকে আটক করা হয়।
অভিযানে মোট ১০ হাজার ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ হাজার টাকা। এ ছাড়া জেলেদের কাছ থেকে পাঁচ কেজি ইলিশ মাছও জব্দ করা হয়।
আটক দুই জেলেকে ইউএনও রিফাত আরা মৌরীর নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত প্রত্যেককে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
জব্দ করা পাঁচ কেজি ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে। অবৈধ জালগুলো বিধি অনুযায়ী ধ্বংসের ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
মা ইলিশ সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বাড়াতে সরকার নির্ধারিত সময়ে ইলিশ আহরণ, পরিবহন, মজুত ও বিক্রি নিষিদ্ধ করেছে। নিষেধাজ্ঞা বাস্তবায়নে উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। নদীতে অবৈধভাবে মাছ শিকারে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে।
এ জাতীয় আরো খবর...