গাইবান্ধা প্রতিনিধি: মাহমুদুল হাবিব রিপন
গাইবান্ধার সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের দক্ষিণ খোলাবাড়ী গ্রামে প্রকাশ্যে তাণ্ডব চালিয়েছে সশস্ত্র সন্ত্রাসীরা। স্থানীয় সাংবাদিক মোঃ মিজানুর রহমান মিলনের (৪৮) বাড়িতে হামলা চালিয়ে তার স্ত্রী মোছাঃ আফরুজা বেগমকে নির্মমভাবে হত্যার চেষ্টা ও ঘরবাড়ি লুটপাট করেছে দুর্বৃত্তরা। বর্তমানে আহত আফরুজা বেগম গাইবান্ধা সদর হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।
এজাহার সূত্রে জানা যায়, জমি নিয়ে বিরোধ এবং সংবাদ প্রকাশের জের ধরে ২৬ আগস্ট সকাল ১০টার দিকে প্রভাবশালী মুজিবুর রহমানের নেতৃত্বে ভাড়াটে সন্ত্রাসীরা হামলায় অংশ নেয়। হাতে লোহার রড, ধারালো অস্ত্র ও বাঁশের লাঠি নিয়ে তারা সাংবাদিক মিলনের বাড়িতে প্রবেশ করে। অভিযুক্তদের মধ্যে আছেন জিল্লুর রহমান, জিয়াউর রহমান, জুয়েল রানা, সাজেদুর রহমান, খোকন মিয়া, বেলাল মিয়া, মজিবর রহমান, শাহিনুর বেগম, রাবেয়া বেগম, তাহমিনা বেগম এবং আরও অজ্ঞাত ১০-১২ জন।
হামলাকারীরা অকথ্য ভাষায় গালিগালাজ করতে করতে পশ্চিম দুয়ারীর ঘরের তালা ভেঙে আলমারিতে রাখা এক লাখ দশ হাজার টাকা লুট করে নেয়। এ সময় জিয়াউর রহমান ধারালো ছোরা দিয়ে আফরুজা বেগমের মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করেন। এরপর জুয়েল রানা তার বুকের ওপর বসে শ্বাসরোধের মাধ্যমে হত্যা চেষ্টা চালান। সাজেদুর রহমান তার গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেন এবং খোকন মিয়া কাপড় টেনে শ্লীলতাহানি করে।
আহতের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় আফরুজা বেগমকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
সাংবাদিক মিলন এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। মামলায় ১০ জনকে নামীয় আসামি এবং অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে। এজাহারের ভিত্তিতে গাইবান্ধা সদর থানা পুলিশ দণ্ডবিধির বিভিন্ন ধারা
(১৪৩/৪৪৮/৩২৩/৩২৬/৩০৭/৩৭৯/৩৮০/৩৫৪/৫০৬/১১৪/৩৪) অনুযায়ী মামলা রুজু করেছে। তবে ঘটনার চার দিন পেরিয়ে গেলেও কোনো আসামিকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
এমন নৃশংস হামলার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা জানিয়েছেন, সাংবাদিক পরিবারকে টার্গেট করে পরিকল্পিতভাবে এই হত্যাচেষ্টা চালানো হয়েছে। তারা দ্রুত আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।
এ জাতীয় আরো খবর...