স্টাফ রিপোর্টার :
সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নের বড় কুমিরা এলাকায় পৈত্রিক ও খরিদকৃত সম্পত্তি দখলচেষ্টা এবং পরিবারের সদস্যদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মরিয়ম বেগম।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সীতাকুণ্ড প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
লিখিত বক্তব্যে মরিয়ম বেগম জানান, তার স্বামী আ.ন.ম. আলমগীর কুমিরা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। তারা দীর্ঘদিন ধরে তাদের পৈত্রিক ও খরিদকৃত জমি ভোগদখলে থাকলেও স্থানীয় প্রভাবশালী মো. হোসাইন, আমির হোসেন ও নুরুল আলমসহ একটি চক্র বিভিন্ন সময় ওই জমি দখলের চেষ্টা চালিয়ে আসছিল।
তিনি অভিযোগ করেন, গত ২১ ফেব্রুয়ারি ২০২৬ রাত আনুমানিক ১১টার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা লোহার রড ও লাঠিসোটা দিয়ে তার স্বামী আলমগীর ও ছেলে মোর্শেদকে গুরুতর আহত করে। এ সময় তাদের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয় এবং প্রাণনাশের হুমকি দিয়ে জমি ছেড়ে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করা হয়।
ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে আলমগীর ও তার ছেলে চিকিৎসাধীন রয়েছেন।
মরিয়ম বেগম জানান, ঘটনার পর সীতাকুণ্ড থানা পুলিশ দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। মামলার প্রেক্ষিতে বাদশা ও বাপ্পী নামে দুইজনকে গ্রেপ্তার করা হলেও মূল হোতারা এখনো গ্রেপ্তারের বাইরে রয়েছে। এতে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে তিনি উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে মরিয়ম বেগম বলেন,
“আমার স্বামী দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে রাজনীতি ও সমাজসেবা করে আসছেন। একটি কুচক্রী মহল তার সামাজিক ও রাজনৈতিক অবস্থান ক্ষুণ্ণ করার পাশাপাশি আমাদের ভিটেমাটি দখলের উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে। প্রশাসনের কাছে আমি দোষীদের কঠোর শাস্তি এবং আমাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতা মোঃ সামছুদ্দোহা, গাজী নিজাম উদ্দিন, জানে আরম, ওমর ফারুখ, মনোয়ারা বেগম, হাছিনা বেগম, কোহিনুর বেগমসহ শতাধিক নারী-পুরুষ এলাকাবাসী। তারা এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ জাতীয় আরো খবর...