এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ
চট্টগ্রামসহ চার জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। জেলাগুলো হলো—চট্টগ্রাম, ফেনী, চাঁপাইনবাবগঞ্জ ও মাদারীপুর। মঙ্গলবার (১৫ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ অধিশাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
নতুন আদেশ অনুযায়ী, ফেনীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামকে চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে নওগাঁর ডিসি মোহাম্মদ আব্দুল আউয়ালকে চট্টগ্রামের ডিসি হিসেবে বদলির আদেশ দেওয়া হলেও তিনি দায়িত্ব গ্রহণের আগেই সেই আদেশ বাতিল করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মনিরা হককে ফেনীর জেলা প্রশাসক, বিদ্যুৎ বিভাগের উপসচিব মোহাম্মদ সোলায়মানকে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফসানা বিলকিসকে মাদারীপুরের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, প্রশাসনিক বিবেচনায় চট্টগ্রাম জেলার দায়িত্ব পরিবর্তনের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চট্টগ্রামের নতুন জেলা প্রশাসক সাইফুল ইসলাম ফেনীতে দায়িত্ব পালনকালে উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার জন্য প্রশংসিত হন। মাঠ প্রশাসনে তিনি একজন দক্ষ কর্মকর্তা হিসেবে পরিচিত।
অন্যদিকে, নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল আপাতত তার বর্তমান কর্মস্থলেই দায়িত্ব পালন করবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এ জাতীয় আরো খবর...