স্টাফ রিপোর্টার : মোঃ ওমর ফারুক,
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের জেরে এক যুবদল কর্মী নিহত হয়েছেন। নিহতের নাম সজিব চৌধুরী আকাশ (২৫)। বুধবার (১১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মুরাদপুর ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ডের গুপ্তাখালী গ্রামে একটি টমেটো ক্ষেত থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে রাকিব নামে একজনকে আটক করা হয়েছে।
নিহত সজিব চৌধুরী আকাশ চট্টগ্রামের মীরসরাই উপজেলার আবুতোরাব এলাকার শাহ আলমের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সীতাকুণ্ডে তার নানার বাড়িতে বসবাস করছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১০ মার্চ) রাত প্রায় ৮টার দিকে মুরাদপুর ইউনিয়নের গুপ্তাখালী গ্রামে বিএনপি নেতা আবদুল আলিম গ্রুপ ও ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. শাহাবউদ্দিন গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হন। সংঘর্ষের পর থেকেই যুবদল কর্মী সজিব নিখোঁজ ছিলেন। রাতেই তার পরিবার সীতাকুণ্ড মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি করে।
পরদিন বুধবার সকালে গুপ্তাখালী গ্রামের একটি সবজি ক্ষেতে স্থানীয়রা সজিবের রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪ নাম্বার ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী হওয়া নিয়ে আবদুল আলিম ও শাহাবউদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরেই এ সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. শাহাবউদ্দিন দাবি করেন, নিহত সজিব তার সিএনজি অটোরিকশা গ্যারেজ দেখাশোনা করতেন। সম্প্রতি একটি সিএনজি অটোরিকশার ব্যাটারি চুরির ঘটনায় গ্রামে শালিস বসে। সেই ঘটনার সূত্র ধরেই আবদুল আলিম গ্রুপের সঙ্গে বিরোধ তৈরি হয়। তিনি অভিযোগ করেন, ওই বিরোধের জেরেই সজিবকে হত্যা করা হয়েছে এবং তাদের আরও পাঁচজন কর্মীকে কুপিয়ে জখম করা হয়েছে।
এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. বেলাল বলেন, মঙ্গলবার রাতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। বুধবার সকালে গুপ্তাখালী এলাকার একটি টমেটো ক্ষেত থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে।
এ জাতীয় আরো খবর...