ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি: শেখ সাদী সুমন,
ব্রাহ্মণবাড়িয়া: মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ধরা পড়েছে আন্তঃজেলা মাদক চক্রের তিন সক্রিয় সদস্য। আজ রোববার (১৫ মার্চ) ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় পৃথক দুটি ঝটিকা অভিযানে তাদের গ্রেফতার করা হয়। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও একটি মোটরসাইকেলসহ মোট ৩০ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।
অভিযানে মাদকসহ গ্রেফতার যারা:
গ্রেফতারকৃতরা হলো ময়মনসিংহ সদর উপজেলার আজমতপুর এলাকার মোঃ মজনু মিয়ার ছেলে মোঃ আলমগীর মিয়া (৩৩), নরসিংদীর রায়পুরা থানার চান্দেরকান্দি গ্রামের মোঃ শহিদুল্লাহর ছেলে মোঃ ইয়াকুব আলী (৩৮) এবং একই এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে মোঃ আলমগীর (৩৮)।
অভিযান ও উদ্ধার প্রক্রিয়া:
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৬টা ৪৫ মিনিটে টোলপ্লাজা এলাকায় প্রথম অভিযান চালানো হয়। এসময় একটি সন্দেহভাজন প্রাইভেটকার তল্লাশি করে অত্যন্ত সুকৌশলে লুকিয়ে রাখা ২৪ কেজি গাঁজাসহ চালক আলমগীর মিয়াকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে সকাল ৭টা ৫৫ মিনিটে দ্বিতীয় অভিযানে একটি মোটরসাইকেল আটক করে পুলিশ। তল্লাশিকালে মোটরসাইকেল আরোহী ইয়াকুব ও আলমগীরের হেফাজত হতে আরও ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অপরাধে ব্যবহৃত গাড়ি দুটিও জব্দ তালিকা মূলে থানায় নেওয়া হয়েছে।
মাদক সিন্ডিকেটের নেপথ্য:
প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এরা মূলত পেশাদার মাদক কারবারি এবং দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্তে গাঁজা সরবরাহ করে আসছিল।
আইনি ব্যবস্থা: এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আশুগঞ্জ থানায় পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মিডিয়া উইং জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের সাঁড়াশি অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
এ জাতীয় আরো খবর...