পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোতে স্বতন্ত্র পরিচালক নিয়োগ ও পুনর্নিয়োগের প্রক্রিয়া সহজ করার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিদ্যমান স্বতন্ত্র পরিচালকদের পুনর্নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক থেকে হালনাগাদ ক্লিন সিআইবি প্রতিবেদন পাওয়ার পর সম্মতি দেবে কমিশন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিএসইসি চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের ১০৩৩তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কমিশন।
বিএসইসির সিদ্ধান্ত অনুযায়ী, করপোরেট গভর্ন্যান্স কোড, ২০১৮ এবং পরবর্তী সংশোধনীর আওতায় তালিকাভুক্ত কোম্পানিতে স্বতন্ত্র পরিচালক নিয়োগ ও পুনর্নিয়োগের প্রক্রিয়া সহজ করা হবে। বিদ্যমান স্বতন্ত্র পরিচালকদের পুনর্নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক থেকে হালনাগাদ ক্লিন সিআইবি প্রতিবেদন পাওয়ার পর কমিশনের সম্মতি দেওয়া হবে।
কমিশনের সিদ্ধান্তে আরও বলা হয়েছে, কোনো কোম্পানির স্বতন্ত্র পরিচালককে করপোরেট গভর্ন্যান্স কোড, ২০১৮-এর যোগ্যতা ও অভিজ্ঞতাসংক্রান্ত শর্ত থেকে আগে অব্যাহতি দেওয়া হয়ে থাকলে, অন্য কোনো তালিকাভুক্ত কোম্পানিতে তাঁর নতুন নিয়োগ অথবা একই কোম্পানিতে পুনর্নিয়োগের ক্ষেত্রেও ওই অব্যাহতি স্বয়ংক্রিয়ভাবে প্রযোজ্য হবে।
অর্থাৎ, যোগ্যতা ও অভিজ্ঞতার শর্ত থেকে আগে অব্যাহতি পাওয়া কোনো স্বতন্ত্র পরিচালককে নতুন করে নিয়োগ বা পুনর্নিয়োগের সময় একই বিষয়ে আবারও অব্যাহতি নিতে হবে না। বিএসইসির এ সিদ্ধান্তের লক্ষ্য হলো স্বতন্ত্র পরিচালক নিয়োগ ও পুনর্নিয়োগের প্রক্রিয়া সহজ করা এবং সংশ্লিষ্ট প্রশাসনিক কার্যক্রম দ্রুত সম্পন্ন করা।